মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই ও রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহারে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে শনাক্ত হওয়া পাঁচজন এবং এর আগে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া জাকের মিয়াসহ মোট ১১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, সোমবার রাতে নিহতের ভাই এজাহার দাখিল করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এজাহারে উল্লেখিত এবং সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার (১৩ জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে ‘আশরাফিয়া ফার্মেসি’র সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র দুর্বৃত্তরা রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা এবং মরহুম আবদুল খালেকের ছেলে।
প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com