সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ২(খ) ধারায় বম (Bawm) জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত বম জনগোষ্ঠী। একই সঙ্গে জেলা পরিষদে বম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সদস্য পদ দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
বৃহস্পতিবার বম জনগোষ্ঠীর পক্ষে রিনলম বম পালম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ২(খ) ধারায় রাঙ্গামাটি পার্বত্য জেলায় স্থায়ীভাবে বসবাসকারী উপজাতীয় জনগোষ্ঠীর সংজ্ঞায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, লুসাই, পাংখুয়া ও খেয়াং জনগোষ্ঠীর নাম উল্লেখ রয়েছে। তবে দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাসরত বম জনগোষ্ঠীর নাম ওই সংজ্ঞায় অন্তর্ভুক্ত নেই।
বম জনগোষ্ঠীর দাবি, তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক রীতিনীতি, পোশাক ও জীবনধারা রয়েছে। তাদের একটি অংশ প্রায় ৪৬ বছর ধরে রাঙ্গামাটি পার্বত্য জেলায় বসবাস করে আসছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে জেলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের বসবাস ও স্বতন্ত্র জাতিগত পরিচয় থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট আইনে বম জনগোষ্ঠীর নাম না থাকায় আইনের সংজ্ঞায় তাদের পরিচয় ও উপস্থিতি যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। এ অবস্থায় বিষয়টি যাচাই-বাছাই করে আইনগতভাবে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বম জনগোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, এ দাবি অন্য কোনো জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা বা স্বীকৃতির বিরোধিতা নয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার সব জনগোষ্ঠীর সমমর্যাদা, পারস্পরিক সম্মান ও সাংস্কৃতিক বৈচিত্র্যরে প্রতি শ্রদ্ধা রেখেই বম জনগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় ও অস্তিত্বকে সংশ্লিষ্ট আইনে প্রতিফলিত করার দাবি জানানো হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদের কথাও উল্লেখ করা হয়। সেখানে বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের স্বতন্ত্র স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশে রাষ্ট্রের দায়িত্বের কথা বলা হয়েছে। এই সাংবিধানিক চেতনার আলোকে বম জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয়ের স্বীকৃতি ও সংরক্ষণের বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
বম জনগোষ্ঠীর পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—রাঙ্গামাটি পার্বত্য জেলায় দীর্ঘদিন ধরে বসবাসরত বম জনগোষ্ঠীর ঐতিহাসিক উপস্থিতি ও স্বতন্ত্র পরিচয় যাচাই করে স্বীকৃতি দেওয়া; রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ২(খ) ধারায় ‘বম (ইধসি)’ জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় আইনগত উদ্যোগ নেওয়া; বম জনগোষ্ঠীর বসবাসের ইতিহাস, জনসংখ্যা, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয় যাচাই করে নথিভুক্ত করা; বিষয়টি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন ও সুপারিশ করা এবং বম জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় সংরক্ষণ ও বিকাশে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া।
বম জনগোষ্ঠীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘এটি বিভাজনের দাবি নয়; এটি নিজস্ব পরিচয়, অস্তিত্ব, মর্যাদা ও যথাযথ আইনগত স্বীকৃতির দাবি।’ আইন, তথ্য-প্রমাণ, সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরার কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সদস্য পদ দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com