হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজস্থলী উপজেলার প্রেমা তালুকদার এবং তিমথী খিয়াং। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
জেলা পরিষদের সদস্য প্রেমা তালুকদার রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা। তিনি রাজস্থলী উপজেলা মহিলা দলের সভাপতি এবং ৩৩৩নং ঘিলাছড়ি মৌজার হেডম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, হেডম্যান ও সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রয়াত দ্বীপময় তালুকদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে সততার সাথে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম করে আসছেন।
এদিকে খিয়াং সম্প্রদায় থেকে নির্বাচিত তিমথী খিয়াং উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধনুছড়ি এলাকার বড় কুক্যাছড়ি পাড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন৷
মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে তাদেরকে জেলা পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা পরিষদের সদস্য নির্বাচিত হতে যারা তাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা। রাজস্থলী উপজেলাসহ রাঙামাটি জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে চান বলে জানিয়েছেন তারা। এজন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com