হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলায় সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এ প্রণোদনা সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। তিনি বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে এ প্রণোদনা দেওয়া হয়েছে। সঠিকভাবে বীজের ব্যবহার নিশ্চিত হলে কৃষকরা উপকৃত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আবুল হাশেম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান।
উপজেলার তিনটি ইউনিয়নের ৩৫০ জন কৃষকের মাঝে উফশী আমন ধানের বীজ এবং ২০০ জন কৃষকের মধ্যে বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com