প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৫, ২০২৬, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৪, ২০২৬, ৭:৪৫ পি.এম
রাজস্থলী থেকে রাঙামাটি সরাসরি যোগাযোগে চালু হলো ভোলারো পিকআপ সার্ভিস; মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাজস্থলী উপজেলা থেকে রাঙামাটি জেলা সদরে সরাসরি যাতায়াতের জন্য যাত্রা শুরু করল ভোলারো পিকআপ সার্ভিস। রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস, পিকআপ ও জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই বিশেষ পরিবহন সেবা চালু করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) দুপুরে রাজস্থলী উপজেলা বাস স্টেশন সংলগ্ন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন রাজস্থলী শাখার মডেল কেয়ারটেকার মাওলানা নুরুল হক।
রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস, পিকআপ ও জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দিদারুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯নং রাঙামাটি আসনের এমপি প্রতিনিধি আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক সুমন খান, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, উপজেলা বিএনপির সদস্য আঃ রহিম প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দিদারুল আলম জানান, যাত্রীদের দুর্ভোগ কমাতে এই সরাসরি সার্ভিস চালু করা হয়েছে। প্রতিদিন রাজস্থলী থেকে দুটি গাড়ি রাঙামাটির উদ্দেশ্যে এবং রাঙামাটি থেকে দুটি গাড়ি রাজস্থলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। গাড়ি ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছে প্রতিদিন সকাল ৭টা এবং বিকাল ৩টা।
যাত্রীদের সুবিধার্থে রাজস্থলী সদর এবং বাঙ্গালহালিয়া বাজারে দুটি পৃথক টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। রাজস্থলী থেকে রাঙামাটি পর্যন্ত জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। এই সরাসরি সার্ভিস চালুর ফলে দুই অঞ্চলের ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com