বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা জব্দ করেছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। চেকপোস্টে টহল তৎপরতা জোরদার করে একটি সন্দেহজনক বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মো. সাহেদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তি এফডিএমএন (রোহিঙ্গা) মো. সাহেদ—পিতা মো. ওসমান গনি; গ্রাম বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং–১০, ব্লক–জি–১৫, থানা উখিয়া, জেলা কক্সবাজার। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com