রাঙামাটির লংগদু উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে একটি সোলার ডিপ টিউবওয়েল স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে লংগদু জোনের তত্ত্বাবধানে এ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
লংগদু জোন সূত্রে জানা যায়, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় জোন স্টাফ অফিসার (জেডএসও) মেজর আল জাকারিয়া জন আনুষ্ঠানিকভাবে টিউবওয়েলটির উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন স্থাপিত ডিপ টিউবওয়েলের মাধ্যমে এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে। এতে স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া জন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পানি ব্যবহারের সঠিক পদ্ধতি এবং টিউবওয়েলের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, লংগদু জোন স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।
অনুষ্ঠানে লংগদু জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুল ইসলাম, আটরকছড়া ইউনিয়নের চেয়ারম্যান অজয়মিত্র চাকমা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com