আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (২২ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৪৭/৩ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজুবাদাম বাগান এলাকায় মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের সার্বিক দিকনির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কয়েকজন চোরাকারবারী ইয়াবার চালান নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এবং বিশেষ আভিযানিক দলের ধাওয়া খেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা ইয়াবাগুলো ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি কার্টনে রাখা মোট ১ লাখ ৭৯০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে খয়েরি রঙের ৯৯ হাজার ৭৯২ পিস এবং সবুজ রঙের ৯৯৮ পিস ইয়াবা ছিল।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com