মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া হেডম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালো মেশিন (ইঞ্জিন) ও পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লামা থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও পাইপ জব্দ করা হয়। জব্দ করা সরঞ্জাম লামা থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে মেশিন বসিয়ে নিয়ম না মেনে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। অবৈধ বালু উত্তোলনের কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও জানান তারা। তবে ভয়ে অনেকেই এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে চান না।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান ও জরিমানা করা হলেও অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ হয়নি।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশের ক্ষতি করে কোনো ধরনের কার্যক্রম মেনে নেওয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com