মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও অগ্রাধিকারমূলক প্রকল্প নিয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে লামা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ, মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা এবং কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভুজ বড়ুয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তানবির হাসান এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও উপস্থাপনে সতর্কতা, আন্তরিকতা এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সঠিক ও সুশৃঙ্খলভাবে তথ্য সংগ্রহের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, কর্মসূচির কাজে প্রত্যন্ত এলাকায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোনো সমস্যার সৃষ্টি হলে লামা থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভুজ বড়ুয়া জানান, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে সহকারী তথ্য কর্মকর্তা রাশেদুল হক রাশেল বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।
সমাবেশে নিম্নআয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্টিকর মিড-ডে মিল, সর্বজনীন স্বাস্থ্যসেবা, মেধাভিত্তিক সরকারি নিয়োগ এবং প্রশাসনিক স্বচ্ছতার মতো বিষয় নিয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com