শফিক ইসলাম , মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়িতে মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে শান্তিনগর একতা ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন টূর্নামেন্ট উদ্বোধনী অনুষ্টানের প্রধান অতিথি মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সহসভাপতি মো. ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী ও দর্শকেরা উপস্থিত ছিলেন।
শান্তিনগর একতা ক্লাবের সভাপতি মো. আব্দুল কাদের সিয়াম ও সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রনি জানান, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তাঁদের এ আয়োজন। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, নতুন খেলোয়াড় তৈরি এবং যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে তাঁরা এ টুর্নামেন্টের আয়োজন করেছেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মো. আনোয়ার হোসেন বলেন, এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি এ ধরনের আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে। প্রতিটি ম্যাচের দুই অর্ধে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট খেলা অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফিউচার ভাইস ২-০ গোলে জাগরণ ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ টুর্নামেন্টের মাধ্যমে মহালছড়িতে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং তরুণদের মধ্যে মাদকমুক্ত সমাজ গঠনের সচেতনতা বাড়বে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com