বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির সাজেক সড়কে অবরোধ চলাকালে পর্যটকবাহী গাড়িবহরে হামলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ ও সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৬ থেকে ৭ জন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এসব তথ্য জানান।
পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, সাজেক থেকে ফেরার পথে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের মুখোমুখি হয়। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবরোধকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। তবে একপর্যায়ে অবরোধকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
পুলিশের দাবি, অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলাকালে কাছাকাছি অবস্থানরত সশস্ত্র ব্যক্তিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। পরিস্থিতি মোকাবিলা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। পরে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইটপাটকেলের আঘাতে সেনাবাহিনীর চার থেকে পাঁচজন এবং পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে প্রয়োজনীয় অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com