নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রামের সাতকানিয়ায় আলোচিত একটি হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে বাঁচা (৩৫)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
রোববার (৫ জুলাই) র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল গত শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন কেরানিহাট বাজারসংলগ্ন ‘সি ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে সাতকানিয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি আকবর হোসেন ওরফে বাঁচাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বরদুয়ারা এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।
র্যাব জানায়, গত ১ জুলাই দায়ের হওয়া ওই হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com