মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর।।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। সোমবার রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার নিজ গ্রাম রামহরি পাড়ায় বৌদ্ধ ধর্মীয় রীতি ও প্রথা অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
এর আগে তাঁর নিজ শিক্ষা প্রতিষ্ঠান মহাপুরম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ ও মেডেল তাঁর স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনকৃত ব্যানএফএমইউ-১১-এ দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। পরে ভারতীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রোববার সকালে তাঁর মরদেহ ঢাকার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় রাঙ্গামাটির নানিয়ারচরের রামহরি পাড়ায় তাঁর পৈতৃক বাড়িতে।
১৯৮৭ সালের ১৩ জুন নানিয়ারচরের রামহরি পাড়ায় জন্মগ্রহণ করেন ট্রোম্যান খীসা। ২০০৬ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগ দেন তিনি।
তাঁর মৃত্যুতে নৌবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাঁর অবদানের কথা স্মরণ করে জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি ও দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশনের প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন।
শেষকৃত্য অনুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তা, সামরিক ও বেসামরিক সদস্য, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সহকর্মী, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com