আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
বর্ষায় ঘোলা পানি, আর শুষ্ক মৌসুমে তীব্র হাহাকার- এই দুই চরম সংকটের সাথে যুগ যুগ ধরে লড়াই করে আসছিল খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান পাড়ার মানুষ। পাহাড়ি ছড়া আর ঝিরির অনিরাপদ পানির ওপর নির্ভরশীল শতাধিক পরিবারের সেই দীর্ঘদিনের দুর্ভোগের অবশেষে অবসান ঘটল। বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের এক অনন্য ও মানবিক উদ্যোগে এই দুর্গম জনপদে পৌঁছে গেছে নিরাপদ সুপেয় পানি।
জানা গেছে, খাগড়াছড়ি সদর জোনের বিশেষ অর্থায়নে ওই এলাকায় একটি আধুনিক সৌরশক্তি চালিত পানির পাম্প (Solar Pump) স্থাপন করা হয়েছে। এর ফলে এলাকার শতাধিক পাহাড়ি পরিবার ছাড়াও চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা এখন থেকে সহজেই বিশুদ্ধ ও নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন।
আজ সোমবার (১৫ জুন) সকালে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন।
প্রকল্পের উদ্বোধন শেষে জোন কমান্ডার বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় কার্বারি (পাড়া প্রধান) ও বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে বলেন, "পানির জন্য আমাদের মা-বোনদের মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিতে হতো। বর্ষায় ছড়ার নোংরা পানি খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ত। সেনাবাহিনী আমাদের এই বড় কষ্ট দূর করেছে।"
উদ্বোধনকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, "বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি অঞ্চলের মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং জীবনযাত্রার মান উন্নয়নে সবসময় কাজ করে আসছে। দুর্গম এলাকার মানুষ যাতে বিশুদ্ধ পানি পেয়ে সুস্থ থাকতে পারে, সেই লক্ষ্যেই এই সৌরচালিত পাম্প স্থাপন করা হয়েছে। জনকল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে সেনাসদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com