দীর্ঘ চার দশক পর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস মাটিরাঙ্গা উপজেলার উদ্যোগে তিন দিনব্যাপী ‘তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ–২০২৬’। উৎসবমুখর পরিবেশে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ স্কাউটস খাগড়াছড়ি জেলা কমিশনার মো. ইমাম উদ্দিন, জেলা সম্পাদক দয়া শান্তি চাকমা, ক্যাম্পুরী চিফ মুছা মিয়া (এএলটি) এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান বলেন, স্কাউটিং কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নেই। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে স্কাউটদের পাশে মাটিরাঙ্গা জোনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
শিশু-কিশোরদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাব ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে। চার দিনব্যাপী ক্যাম্পে দড়ি বাঁধা, প্রাথমিক চিকিৎসা, তাঁবু স্থাপনসহ বিভিন্ন দক্ষতা উন্নয়ন কার্যক্রম, কাব গেমস, দলগত কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্কাউটিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, দলগত কাজ ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলাই এই সমাবেশের মূল উদ্দেশ্য। পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্কাউট লিডার এবং উপজেলা স্কাউটসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com