নিজস্ব প্রতিবেদক::
মাদকের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে এসআরবি-১৫ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক, অস্ত্র, অপহরণ, খুন, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৩ নভেম্বর ২০২৬ তারিখ এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ ও বিক্রয়ের উদ্দেশ্যে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে।
অধিনায়ক মহোদয় জানান যে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন ধানক্ষেতে অভিযান পরিচালনা করে ১১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি দেশীয় তৈরি রামদাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আবছার উদ্দীন (১৯), পিতা-সলিম উদ্দীন, মাতা-রাশেদা বেগম, সাং-নাইখংখালী এবং মোঃ আদিল (২৬), পিতা-ছলিম উদ্দিন, মাতা-মনোয়ারা বেগম, সাং-মৌলভীবাজার। তারা উভয়েই হ্নীলা ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারের বাসিন্দা।
এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ মাহমুদুর রহমান উল্লেখ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধের বিস্তার ঘটাচ্ছে। মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে এসআরবি-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ নির্মূলে এসআরবি-১৫-এর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অপরাধী যে পর্যায়েরই হোক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর। তিনি আরও জানান, গত ০৬ অক্টোবর ২০২৬ তারিখ থেকে অদ্যাবধি এসআরবি-১৫ কর্তৃক পরিচালিত ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৮ কেজি গাঁজা, ১টি একনলা বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৭ জন অপহৃত ও মানবপাচারের শিকার ভিকটিমকে উদ্ধারসহ সর্বমোট ৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com