হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করায় রাঙামাটির রাজস্থলী উপজেলার সফল তরুণ উদ্যোক্তা আছোমং মারমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও স্থানীয় বিভিন্ন যুব সংগঠনের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। সংবর্ধিত অতিথি ছিলেন জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত ও রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা অর্জনকারী সফল গবাদিপশুর খামারি আছোমং মারমা। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমাসহ স্থানীয় বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিজের উদ্যোক্তা হয়ে ওঠার সংগ্রামী অভিজ্ঞতা তুলে ধরেন আছোমং মারমা। তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রাথমিকভাবে ক্ষুদ্রঋণ গ্রহণের মাধ্যমে গবাদিপশুর খামার গড়ে তোলার উদ্যোগ নেন। নানা প্রতিকূলতা অতিক্রম করে ধীরে ধীরে খামার সম্প্রসারণ ও সফলতা অর্জন করেন। তাঁর এই পথচলার বিভিন্ন পর্যায় ও অভিজ্ঞতা অনুষ্ঠানে উপস্থিত যুবকদের সামনে তুলে ধরেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, আছোমং মারমা শুধু রাজস্থলীর নয়, পুরো পার্বত্য অঞ্চলের যুবসমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। চাকরির পেছনে না ছুটে তরুণরা উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলে বেকারত্ব নিরসন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি যুবসমাজকে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও স্থানীয় যুব সংগঠনগুলোর পক্ষ থেকে আছোমং মারমাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com