সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের (সিজন-২) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) পানছড়ি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে দেশের অন্যান্য স্থানের সঙ্গে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার এবং উপজেলা ক্রীড়া পরিষদের সদস্যসচিব মো. সাইদুল আলম।
সভাপতির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, ‘স্বপ্নের সাথে, বিজয়ের সাথে’ এগিয়ে যাবে নতুন প্রজন্ম। ক্রীড়া এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, সম্ভাবনাময় পেশাও। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে জাতীয় পর্যায়ে তুলে আনার সুযোগ সৃষ্টি হবে। এ সুযোগ কাজে লাগিয়ে পানছড়ির ছেলে-মেয়েদের খেলাধুলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড় ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com