অংগ্য মারমা, মানিকছড়ি।।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ফকিরনালা গ্রামে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ মাটির ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ থুঅং মারমা (৭১) ও তাঁর স্ত্রী উচাইঞো মারমা। বয়সের ভারে ন্যুব্জ এই দম্পতি চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, থুঅং মারমার চার সন্তান থাকলেও তাঁরা পৃথক সংসার নিয়ে বসবাস করছেন। ফলে বৃদ্ধ বয়সে এই দম্পতির নিয়মিত দেখভাল করার মতো কেউ নেই। নিজেদের কোনো স্থায়ী আয়ের উৎস না থাকায় তাঁদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠেছে।
দম্পতির বসবাসের মাটির ঘরটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি কিংবা ঝড়ো বাতাসে ঘরটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
উপজেলা মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি উষাজাই মারমা ও মারমা ঐক্য পরিষদের নেতা মংমং বলেন, থুঅং মারমার জরাজীর্ণ মাটির ঘরটি যেকোনো সময় ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। অসহায় এই দম্পতির নিরাপদ বসবাস নিশ্চিত করতে তাঁরা সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে বৃদ্ধ এই দম্পতির জন্য একটি নিরাপদ আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com