আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে লোগাং বাজার এলাকার অন্তত ১০টি পরিবার। নদীভাঙনে বসতভিটা ও স্থাপনা হারানোর শঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে এসব পরিবারকে ভিটেমাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লোগাং বাজারের চর এলাকায় চেঙ্গী নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ভাঙনের কবলে পড়ে ৫-৬টি পরিবার সর্বস্ব হারিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। বর্তমানে আরও অন্তত ১০টি পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। একই সঙ্গে লোগাং বাজার কেন্দ্রীয় মসজিদের জন্য নির্ধারিত ২০ শতাংশ জায়গাও নদীভাঙনের হুমকিতে পড়েছে।
মসজিদের জায়গা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদ্রাসাশিক্ষক আবদুল কাদের বলেন, “মসজিদের জন্য নির্ধারিত জায়গাটি নদীভাঙনের হুমকিতে রয়েছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে জায়গাটি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।”
স্থানীয় ব্যবসায়ী মো. শাহিন আলম বলেন, “বিগত বছরগুলোতে নদীভাঙনের কবলে পড়ে ৫-৬টি পরিবার নিঃস্ব হয়ে অন্যত্র পাড়ি জমিয়েছে। বর্তমানে আরও বেশ কয়েকটি পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত সরকারি সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অনেক পরিবারকে বসতভিটা হারিয়ে পথে বসতে হবে।”
নদীভাঙনের আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দা মালেকা বেগমেরও। একমাত্র মেয়ে রুমি আক্তারকে নিয়ে বসবাস করা মালেকা বেগম বলেন, “নদী যেভাবে ভাঙছে, তাতে কখন যে বসতভিটা নদীগর্ভে চলে যায়, সেই আতঙ্কে দিন কাটছে। আমাদের মতো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কেউ নেই।”
স্থানীয়দের দাবি, চেঙ্গী নদী ও তারাবন ছড়ার সংযোগস্থলে পাহাড়ি ঢলের পানি সরাসরি চর এলাকায় আঘাত হানায় ভাঙনের তীব্রতা বাড়ছে। এতে বসতবাড়ির পাশাপাশি ফসলি জমিও নদীগর্ভে বিলীন হচ্ছে। বছরের পর বছর এমন পরিস্থিতি চললেও স্থায়ী প্রতিরোধের উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
এ বিষয়ে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন বলেন, “আমি এ বিষয়ে অবগত ছিলাম না। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।”
স্থানীয়দের দাবি, ভাঙনপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় অচিরেই আরও পরিবার বসতভিটা, ফসলি জমি ও শেষ সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com