হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী
রাঙামাটি রাজস্থলীতে আগুণে পুড়ে যাওয়া ১০টি পরিবার এবং বাড়ির মালিকদের নগদ আর্থিক সহায়তা, টিন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাজস্থলী উপজেলা প্রশাসন।
রবিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরস্থ কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এসব সহায়তা তুলে দেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
এসময় বাসা ভাড়ায় থাকা ১০টি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা, ২টি করে কম্বল এবং শুকনো খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, মসলা ইত্যাদি বিতরণ করা হয়। এছাড়াও দুটি বাড়ির মালিককে ৬ বান ঢেউটিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান জানান, আকষ্মিক অগ্নিকাণ্ডে পরিবারগুলোর সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। জেলা প্রশাসনের নির্দেশনায় আমরা রাজস্থলী উপজেলা প্রশাসন থেকে এই সহযোগীতা প্রদান করেছি। সুযোগ হলে প্রশাসন থেকে ভবিষ্যতেও সহযোগীতা করা হবে। পরিবারগুলোর এমন অবস্থায় স্থানীয় সামর্থবানদের পাশে দাঁড়ানো উচিত।
এসময় আগুণে পুড়ে যাওয়া বাড়ির মালিক মাওলানা ফরিদ আহম্মদ, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সোলায়মান, গাইন্দ্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল হামিদসহ ক্ষতিগ্রস্ত পরিবার এবং গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com