রাঙ্গামাটি প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং গোপালগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্পের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সানু, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, নূর নবী, পারভেজ ও সিরাজ আরজ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাছের, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেনিশ চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। গোপালগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক পরিবেশ, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com