হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে রাজস্থলী উপজেলায় প্রথম সফরে এসে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন, কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশগ্রহণ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন দীপন তালুকদার দিপু।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজস্থলী উপজেলায় পৌঁছালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন।
পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা যাতে সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এদিন রাজস্থলী উপজেলার কেন্দ্রীয় মৈত্রী বিহারে বিহারের ৪৫তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান।
অনুষ্ঠান শেষে তিনি রাজস্থলী নুরুল উলুম নুরানি মাদ্রাসা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ ছাড়া সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এলাকার আর্থসামাজিক উন্নয়নে জনগণের পাশে থাকার আশ্বাস দেন।
বিকেলে রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বাবর আলী, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তিমথী খিয়াং, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com