মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হোসনাবাদ ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচা-গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলপাড়া ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আন্নসিকদার পাড়ার মধ্যবর্তী একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি পচে-গলে যাওয়ায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে ওই ব্যক্তি খাল-বিলে সাপ, ব্যাঙ বা কুচে ধরতে গিয়ে অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে মারা যেতে পারেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com