রাজস্থলী প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নকূট লীলা স্মরণোৎসব, গুরুদেবের চতুর্থ তিরোভাব তিথি এবং অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
শুক্রবার (২১ নভেম্বর) বিকালে সেবা কুঞ্জ প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মসভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী ১০৮ স্বরূপ দাস বাবাজি মহন্ত মহারাজ এবং প্রধান ধর্মীয় আলোচক হিসেবে ধর্মতত্ত্বের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন শ্রীমৎ স্বামী অভেদানন্দ গিরি মহারাজ। অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন পংকজ ভূষণ চৌধুরী।
সেবা কুঞ্জের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের প্রতিনিধি জিকু কুমার দে-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, ডাঃ রেনেনসুই তালুকদার, সেবা কুঞ্জের উপদেষ্টা অরুণ সেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া। এসময় সনাতন ধর্মাবলম্বীদের এই মহতী আয়োজনে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া।
এর আগে উৎসব উপলক্ষে সকাল থেকেই শ্রীশ্রী গীতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজস্থলী উপজেলার বিভিন্ন মঠ ও মন্দিরের গীতা স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনব্যাপী গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরো এলাকা ভক্তিমূলক ও উৎসবমুখর হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com