প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ২:১৩ পি.এম
আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো. আব্দুল করিম

মো. আবুল হাসেম, প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গার আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আব্দুল করিম। তিনি বর্তমানে আমতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত ১৯ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়।
বোর্ডের মনোনয়নপত্র অনুযায়ী, ছয় মাস মেয়াদি এই কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন যতীন্দ্রলাল বড়ুয়া এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন সোহাগ মিয়া। পদাধিকার বলে কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আক্কাছ মিয়াজি।
সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে মো. আব্দুল করিম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খাগড়াছড়ি আসনের সাংসদ ওয়াদুদ ভূঁইয়া এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখা এবং অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়টিকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।”
নতুন এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়াও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com