স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে শিক্ষার্থীদের সাংগঠনিক নেতৃত্ব বিকাশ, শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয়ে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মধ্য দিয়ে খাগড়াছড়ি সদর উপজেলা, কলেজসহ পাঁচটি ইউনিয়ন শাখার নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ এবং সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি আকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন। সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খনেশ্বর ত্রিপুরা রিচার্ড, আইন ও নিষ্পত্তি বিষয়ক সম্পাদক তাপস ত্রিপুরা এবং সংগঠনটির খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ধনেশ্বর ত্রিপুরা।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও বিগত দুই বছরের কর্মকাণ্ড তুলে ধরা হয়। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠের মাধ্যমে তাদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন শেপালিকা ত্রিপুরা। এ ছাড়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক রবিজয় ত্রিপুরা। এ সময় প্রয়াত সাবেক সংগঠক বিনতা ত্রিপুরা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাচাংতি চেসি ত্রিপুরাসহ প্রয়াত সাবেক সংগঠকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য সাতটি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির লাইব্রেরি বিষয়ক সম্পাদক হিকোময় ত্রিপুরা অধিবেশন পরিচালনা করেন। তিনি পুরোনো কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন এবং ইউনিয়ন শাখাগুলোর নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। সদর উপজেলা ও কলেজ শাখার নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কার্যনির্বাহী সদস্য নিখিল ত্রিপুরা।
নবগঠিত কমিটিগুলোর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন খপি রঞ্জন ত্রিপুরা, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক হমের ত্রিপুরা। কলেজ শাখায় সভাপতি তুরেন ত্রিপুরা, সাধারণ সম্পাদক বেনজামিন ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক হেলেন বিকাশ ত্রিপুরা নির্বাচিত হয়েছেন। উভয় কমিটি ১৭ সদস্যবিশিষ্ট।
এ ছাড়া ১৩ সদস্যবিশিষ্ট গোলাবাড়ী ইউনিয়ন শাখায় হিমালী ত্রিপুরা সভাপতি, নমেন ত্রিপুরা সাধারণ সম্পাদক ও স্বর্ণ কান্তি ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক; সদর ইউনিয়ন শাখায় সিমুলতা ত্রিপুরা সভাপতি, দিনোমনি ত্রিপুরা সাধারণ সম্পাদক ও লুমি ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক; কমলছড়ি ইউনিয়ন শাখায় চম্পালতা ত্রিপুরা সভাপতি, অহিনা ত্রিপুরা সাধারণ সম্পাদক ও ক্লিন্টন ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে ভাইবোনছড়া ইউনিয়ন শাখায় সোনালী ত্রিপুরা সভাপতি, ক্ষেপন ত্রিপুরা সাধারণ সম্পাদক ও অগ্নিশ্বর ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক এবং পেরাছড়া ইউনিয়ন শাখায় ভাগ্যলক্ষী ত্রিপুরা সভাপতি, কর্ণ বিকাশ ত্রিপুরা সাধারণ সম্পাদক ও মুক্তা ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, সম্মেলনে সদর উপজেলা শাখার ১৭তম, কলেজ শাখার ১৫তম, সদর ইউনিয়ন শাখার চতুর্থ, ভাইবোনছড়া ইউনিয়ন শাখার পঞ্চম, কমলছড়ি ইউনিয়ন শাখার চতুর্থ, গোলাবাড়ী ইউনিয়ন শাখার চতুর্থ এবং পেরাছড়া ইউনিয়ন শাখার নবম দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com