মোঃ শহিদুল ইসলাম শহীদঃ
বান্দরবান পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৬৫বিজিবি।
বিজিবি কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার ২৮ নভেম্বর ২০২৬, বিকেলে থানচি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের পাহাড়ি এলাকা থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।
বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ নভেম্বর ওই পাহাড়ি এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুদ রাখার খবর পাওয়া যায়,এর পরিপ্রেক্ষিতে বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের সার্বিক তত্ত্বাবধানে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযান দুপুর ১টায় শুরু হয়ে দীর্ঘ সময় ধরে সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানো হয়,পরে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে সেখানে মজুদ রাখা হয়েছিল। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া
ঠিকানা: চৌধুরী বোডিং (নিচ তলা) আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
মোবাইল: ০১৭৩৭৪৪৩৩৪৪, ০১৫৫৭২৭৩৪৩৪ E-Mail: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com