
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা
দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রত্যন্ত প্রফুল্ল কারবারি পাড়া, কাতালমনি পাড়া ও মরাটিলা এলাকায় সপ্তাহব্যাপী মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করেছে মাটিরাঙ্গা জোন।
৭ জুন থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে ১৩ জুন পর্যন্ত। স্থানীয় জনগণের কল্যাণে আয়োজিত এ উদ্যোগে চিকিৎসাসেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে নারী, পুরুষ, শিশু ও বয়স্কসহ বিপুলসংখ্যক চিকিৎসাবঞ্চিত মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সীমিত সুযোগের কারণে এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এছাড়া আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা হয়। উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বৃদ্ধি এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নতুন স্কুল ব্যাগ পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকরাও সেনাবাহিনীর শিক্ষাবান্ধব উদ্যোগকে স্বাগত জানান।পাশাপাশি দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ করা হয়।
নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে পরিবারগুলো স্বস্তি প্রকাশ করে। তাদের মতে, এ ধরনের সহায়তা পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা মাটিরাঙ্গা জোনের সপ্তাহব্যাপী এ মানবিক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনীর অবদানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি বলেন, “পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”