
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজস্থলী উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এই উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ। সভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো। সভা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এছাড়াও কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজস্থলী উপজেলা বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। শোক চলাকালীন সময় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন বলেও জানানো হয়।