পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় নদীর তীর ও চর এলাকায় পরিবেশবিধি লঙ্ঘন করে তামাক চাষের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লামা সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নদীর তীর থেকে নির্ধারিত ৫০ ফুট জায়গা ফাঁকা না রেখে তামাক চাষ করায় কৃষকদের সতর্ক করা হয়।
অভিযানকালে দেখা যায়, নদীর চর ও তীরবর্তী এলাকায় কৃষকরা ব্যাপকহারে তামাকের চারা রোপণ করেছেন, যা পরিবেশ সংরক্ষণ আইন ও নদী তীর সংরক্ষণ নীতিমালার পরিপন্থী। ইউএনও কৃষকদের সঙ্গে কথা বলে সরকারি নির্দেশনা সম্পর্কে অবহিত করেন এবং ভবিষ্যতে নদীর তীর থেকে ন্যূনতম ৫০ ফুট জায়গা ফাঁকা রেখে চাষাবাদ করার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম, পুলিশ সদস্যরা ও স্থানীয় কৃষকরা।
ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, ‘মৌসুমের শুরুতেই মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। এরপরও কিছু কৃষক নদীর তীরে তামাক চাষ করেছেন। আজ অভিযানের মাধ্যমে তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, চলতি মৌসুমে লামা উপজেলায় বিভিন্ন তামাক কোম্পানির প্ররোচনায় নদী, খাল ও ঝিরির তীরবর্তী এলাকায় ব্যাপকহারে তামাক চাষ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ রয়েছে, যা পরিবেশ ও নদী সুরক্ষার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com