বিগত সময়ে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনগুলোতে শুধু নির্বাচন কমিশন নয়, রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই কলঙ্কিত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইন্সে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বান্দরবানের নির্বাচন পরিস্থিতি সরেজমিন পর্যালোচনার লক্ষ্যে এ সফরে আসেন নির্বাচন কমিশনার।
তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুপস্থিতির পর এখন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও সত্যিকার অর্থে গ্রহণযোগ্য একটি নির্বাচনের দিকে এগোচ্ছে বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচন বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় জীবনের অন্যতম বড় ইভেন্ট।
নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচনের মাধ্যমে শুধু গণতন্ত্র পুনরুদ্ধারই নয়, বরং দেশের বিভিন্ন প্রতিষ্ঠান যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তা পুনরুদ্ধারেরও একটি বড় সুযোগ তৈরি হয়েছে। অতীতের মতো কোনো বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ নির্বাচন আর হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা রক্ষায় যেসব বাহিনী কাজ করবে, তাদের মধ্যে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সবাইকে দায়িত্বশীল ও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যেন কোনো অবস্থাতেই নির্বাচন বিঘ্নিত, নষ্ট বা বিতর্কিত না হয়।
ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা সহ্য করা হবে না। ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে থাকবে।
পার্বত্য জেলা হিসেবে বান্দরবানে নির্বাচন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নির্বাচন প্রস্তুতি ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা নীলা, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com