রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে এখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত হয়নি—এমন অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চ সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা। তাঁর অভিযোগ, বর্তমান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের আচরণ গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী হওয়ায় নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক নয়।
এ প্রেক্ষাপটে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন ও অন্তর্র্বতীকালীন সরকারের কাছে রাঙামাটির জেলা প্রশাসককে প্রত্যাহার করে অন্যত্র বদলির দাবি জানান তিনি।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় রাঙামাটি শহরের বনরূপা এলাকার হোটেল কসমসের নিচতলায় অবস্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা (অস্থায়ী) কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জুঁই চাকমা।
তিনি বলেন, এ দাবি কোনো একক রাজনৈতিক দলের নয়; বরং সাধারণ মানুষের পক্ষ থেকে উঠে আসা দাবি। জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া ব্যক্তিদের অনেকেই তাঁর কাছে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
জুঁই চাকমা আরও বলেন, রাঙামাটির মানুষ শান্ত, ভদ্র ও সহনশীল বলেই এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ না হলে অসন্তোষ সৃষ্টি হতে পারে। সম্মান পেতে হলে আগে জনগণকে সম্মান করতে হবে—এ মন্তব্যও করেন তিনি।
একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জেলা প্রশাসকের কাছে জনগণের সেবা প্রত্যাশা করা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ জনমনে ক্ষোভ সৃষ্টি করতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপতিত্বে বক্তব্য দেন দলের সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আবুল হাশেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল চৌধুরী এবং বাংলাদেশের বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা।
অনুষ্ঠানে রাঙামাটি-২৯৯ আসনে কোদাল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com