
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে রাঙামাটি জেলা পর্যায়ে স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন বেল্লাল।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব এবং চারিত্রিক দৃঢ়তার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মানে ভূষিত করা হয়। শিক্ষা অফিস সূত্র জানায়, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, সৃজনশীল উদ্যোগ এবং বিদ্যালয়ের পাঠদান পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকার ভিত্তিতে জেলা পর্যায়ের এ নির্বাচন সম্পন্ন হয়।
গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে মো. হোসেন বেল্লাল শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় মো. হোসেন বেল্লাল বলেন, “এই অর্জন একক নয়; এটি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে।”