পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে গড়ে ওঠা দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম এবং লামা থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসন সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫(১) লঙ্ঘনের দায়ে গজালিয়া ইউনিয়নের এসবিএম ইটভাটার মালিক মোহাম্মদ উল্লাহ আজম খানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। একই আইনে একই ইউনিয়নের টিএমবি ইটভাটার মালিক করিমূল মোস্তফা স্বপনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, গজালিয়া ইউনিয়নের দুটি অবৈধ ইটভাটা থেকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ বিধিমালা লঙ্ঘন করে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জেলার অন্যান্য উপজেলায় অবস্থিত আরও কয়েকটি ইটভাটার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com