পার্বত্য জেলা বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার ও সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে ক্ষতিপূরণ ও লভ্যাংশের চেক বিতরণ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় লামা বন বিভাগের রেস্ট হাউজ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন লামা বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুদ আলম, লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন, ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস. এম. হাবিবুল্লাহ, রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান, মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেকসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক বনায়নের অংশীদার এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা।
বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত মানুষ, সম্পদ ও ফসলের ক্ষতিপূরণ বাবদ ২১ জনকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। একই সঙ্গে সামাজিক বনায়নের আওতায় মাতামুহুরী রেঞ্জের আলীকদম বিটের ক্রাইক্ষ্যং ও চিতারঝিরি এলাকায় ২০০৪ ও ২০০৫ অর্থবছরে সৃজিত ৫০ হেক্টর ব্লকউড ব্লক এ-১ ও এ-২ বাগানের ৫০ জন উপকারভোগী এবং ব্লক এ-৩ ও এ-৪ বাগানের ৪ জন উপকারভোগীর মাঝে লভ্যাংশ বাবদ মোট ৬৮ লাখ ৭৫ হাজার ৩২৬ টাকার চেক বিতরণ করা হয়।
আলোচনা সভায় বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম বলেন, “হাতিকে আঘাত না করলে হাতি কখনো মানুষকে আঘাত করে না। মানুষই হাতির আবাসস্থলে প্রবেশ করেছে। পৃথিবীকে মানুষের বসবাসযোগ্য রাখতে হলে বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষা করা জরুরি।” তিনি সামাজিক বনায়নের মাধ্যমে অনেক মানুষ স্বাবলম্বী হয়েছেন উল্লেখ করে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার ও সামাজিক বনায়নের উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেওয়া হয়। ক্ষতিপূরণ ও লভ্যাংশ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com