
পার্বত্য জনপদের দুর্গম এলাকায় শীতের তীব্রতা মোকাবেলায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে দীঘিনালা উপজেলার অসহায় ও দুস্থ পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া ও দীঘিনালা ইউনিয়নের বাবুছড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় জনপ্রতিনিধি, কলেজ অধ্যক্ষ, কার্বারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিজিবি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। যেকোনো দুর্যোগে আমরা জনগণের সহায়তায় প্রস্তুত থাকব।”
কর্মসূচির অংশ হিসেবে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি’র তত্ত্বাবধানে চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
সভায় স্থানীয়রা শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিজিবির মানবিক উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে বিজিবি প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে।