
সৌদি আরবে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে রুপা পদক জয় করে দেশের নাম উজ্জ্বল করা টেবিল টেনিস খেলোয়াড় খই খই সাই মারমার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডে খই খই সাই মারমার নিজ বাড়িতে জেলা প্রশাসক উপস্থিত হয়ে খেলোয়াড় এবং তার বাবা ক্যহ্লাখই মারমারের সাথে সাক্ষাৎ করেন এবং পরিবারের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগির হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক কঙ্কনা প্রভা। স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক নাজমা আশরাফী খই খই সাই মারমার আন্তর্জাতিক সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, পাহাড়ের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এমন অর্জন জেলা ও দেশের জন্য গর্বের। এছাড়া তিনি খেলোয়াড়ের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের পাশাপাশি পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দেন।