
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দীঘিনালা জোনের ‘দি বেবী টাইগার্স’-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড-এর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়িত হয়।
এ সময় অন্যান্য জোন কমান্ডার, দীঘিনালা জোনের সেনা কর্মকর্তা ও সৈনিক, আনসার ব্যাটালিয়নের অধিনায়কসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালুকদার, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাব-এর সভাপতি আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের ভূমিকার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বর্ণাঢ্য ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com