
সফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী টেকনিক্যাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে মহালছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কারিগরি সহায়তায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত “Biodiversity Ecosystem Restoration for Community Resilience in CHT” প্রকল্পের আওতায় মহালছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল পাহাড়ি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবান্ধব কৃষি চর্চা এবং টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা সম্পর্কে উপকারভোগীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। তিনি অংশগ্রহণকারীদের জীববৈচিত্র্য রক্ষা, মাটির উর্বরতা বজায় রাখা, পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহার এবং পাহাড়ি এলাকার কৃষি সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন বন বিভাগের ডেপুটি রেঞ্জ অফিসার মোঃ জাহিদুল ইসলাম।
প্রশিক্ষণে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা গেলে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা গেলে প্রকল্পের সুফল দীর্ঘমেয়াদে টেকসই হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, উপজেলা ফ্যাসিলিটেটর নকুল ত্রিপুরাসহ উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত উপকারভোগী প্রশিক্ষণার্থীরা।
দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জীববৈচিত্র্য সংরক্ষণ, বন পুনরুদ্ধার, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার বিষয়ে বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা লাভ করেন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের উপকারভোগীদের নিয়েও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
স্থানীয়রা মনে করছেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com