বান্দরবান জেলার লামা উপজেলায় লাকড়ি বোঝাই একটি ট্রাক পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাতে উপজেলার ফাঁসিয়াখালীুলামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ইয়াংছা কালিরঝিরি এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে ট্রাকচালক মো. আলমগীর (৩৫) এবং পোয়াং বাড়ির বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)। আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামে এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে লাকড়ি বোঝাই একটি ট্রাক ইয়াংছার দিকে যাচ্ছিল। পথে ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি প্রায় ২০০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল শেষে শুক্রবার (১৩ মার্চ) সকালে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com