কাপ্তাই প্রতিনিধি:
পার্বত্য জেলা রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা শুরু হয়।
পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার,কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ, হল সুপার রতন চন্দ্র দাশ প্রমূখ।উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় কাপ্তাই উপজেলার মোট ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথম দিন শিক্ষার্থীরা গণিত পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
সারাদেশে গত ১৫ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হলেও পাহাড়ে বর্ষবরণ উৎসব (বৈসাবি) চলায় সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, "পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠানের কারণে আমরা সাধারণ সূচির চেয়ে ২ দিন পিছিয়ে আজ থেকে পরীক্ষা শুরু করেছি।
শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক এবং কেন্দ্রের বাইরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com