বশির আহমেদ, বান্দরবান।।
পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমে অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক সহায়তার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন সূত্রে জানা যায়, তাদের নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ, গৃহহীনদের ঘর নির্মাণে ঢেউটিন সহায়তা, মসজিদ ও এতিমখানায় আর্থিক অনুদান, দরিদ্র পরিবারের কন্যার বিয়েতে সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল) বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে ব্রিগেড সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে এক বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জলায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় সিকদার পাড়া জামে মসজিদে মাইক সেট প্রদান, গৃহহীন পরিবারের জন্য ঢেউটিন বিতরণ, অসচ্ছল পরিবারকে নগদ অর্থ সহায়তা, নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া চারটি অসহায় পরিবারকে বিশেষ আর্থিক সহায়তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে বান্দরবান রিজিয়ন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড সদর দপ্তরের জিএসও-৩ (ট্রেনিং) ক্যাপ্টেন মো. সামিউল ইসলাম। তিনি বলেন, যেকোনো সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com