কক্সবাজারের রামুতে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার রামু মৈত্রী বিহার সংলগ্ন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য, এলাকাবাসী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে চরম নিরাপত্তাহীনতার উদ্বেগ তৈরি করেছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রধান অভিযুক্তসহ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে এমন অপরাধ আরও বাড়তে পারে, যা সামাজিক শান্তি ও সহাবস্থানের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে কান্নাজড়িত কণ্ঠে দোষীদের সর্বোচ্চ শাস্তির আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ভোরে রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে ওই বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানা যায়।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com