মো. আবুল হাসেম, প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় প্রাণিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় Special Program – Development (Agriculture)’ প্রকল্পের আওতায় বিভিন্ন খামারে IoT (Internet of Things) ডিভাইস স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় এ বিতরণ ও সংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ খাতের আওতায় ভূঁইয়া পাড়া, পশ্চিম মুসলিম পাড়া ও একটি যৌথ খামারে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। প্রকল্পের আওতায় তিনজন নারী উদ্যোক্তার মাঝে IoT ডিভাইস প্রদান করা হয়। তাদের মধ্যে আনোয়ারা বেগমকে পোল্ট্রি খামার, ইয়াসমিন আক্তারকে ডেইরি গরুর খামার এবং সুলতানা আক্তারকে লেয়ার মুরগির খামারের জন্য এ প্রযুক্তি সহায়তা দেওয়া হয়। IDF-এর প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বাস্তবায়িত এ আধুনিক ব্যবস্থার মাধ্যমে ডেইরি, লেয়ার ও ব্রয়লার খামারগুলোতে IoT প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। ফলে খামারিরা এখন মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই খামারের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারছেন। পাশাপাশি মোটর পাম্প, ফ্যান ও লাইটও দূর থেকেই পরিচালনা করা সম্ভব হচ্ছে। এতে খামার পরিচালনায় সময় ও অর্থের অপচয় কমছে এবং উৎপাদন ব্যবস্থাপনা আরও দক্ষ ও আধুনিক হচ্ছে। খামারে সরাসরি উপস্থিত না থেকেও কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব হওয়ায় খামারিরা উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছেন। একই সঙ্গে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গবাদিপশু ও মুরগির যথাযথ পরিচর্যা নিশ্চিত করা যাচ্ছে।
উপস্থিত কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলে প্রাণি খাতকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর এ কার্যক্রম খামারিদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com