সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি।।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখা ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিলাইছড়ি বাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়। পরে সেখানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি আর্য্যলঙ্কার মহাথের, সাধারণ সম্পাদক বিপুল জ্যোতি মহাথের, উদযাপন পরিষদের আহ্বায়ক শাক্যপ্রিয় ভিক্ষু, সদস্য সচিব তেজবর্ণ ভিক্ষু, কুতুবদিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চন্দ্রকীর্তি ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘের সদস্যরা।
এছাড়া দায়ক-দায়িকাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা, উৎপলা চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মঙ্গল শোভাযাত্রায় বৌদ্ধ ভিক্ষু, দায়ক-দায়িকা, নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। বিশ্বাস অনুযায়ী এ দিনেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করেন।
উপজেলার বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারসহ প্রায় ৬০টি বৌদ্ধ বিহারে তিনদিনব্যাপী (বৃহস্পতিবার থেকে শনিবার) নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে বুদ্ধপূজা, পিণ্ডদান, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান এবং দেশ-বিদেশের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা।
অনুষ্ঠানে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও স্থানীয় সামাজিক সংগঠনগুলো। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে বিলাইছড়ি থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com