কাপ্তাই প্রতিনিধি।।
রাঙ্গামাটির বরকল উপজেলার লোকালয় থেকে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় একটি ‘বেঙ্গল স্লো লরিস’ বা লজ্জাবতী বানরকে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) সন্ধ্যায় প্রাণীটিকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বরকল উপজেলার কলাবুনিয়া এলাকার লোকালয়ে প্রাণীটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে অবহিত করেন। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন।
পরবর্তীতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে প্রাণীটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের তত্ত্বাবধানে প্রাণীটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে ছেড়ে দেওয়া হয়।
এ সময় কর্ণফুলী ডেপুটি রেঞ্জার আবু নাইম, বন বিভাগের সদস্য ওসমান গণিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, “উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি শারীরিকভাবে সুস্থ ছিল। তাই দ্রুত সময়ের মধ্যে এটিকে জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় মানুষের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
বন বিভাগ জানায়, ‘বেঙ্গল স্লো লরিস’ অত্যন্ত লাজুক ও নিশাচর স্বভাবের প্রাণী। বন উজাড়, আবাসস্থল ধ্বংস এবং অবৈধ পাচারের কারণে এ প্রজাতি বর্তমানে হুমকির মুখে রয়েছে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (IUCN) লাল তালিকায় প্রাণীটিকে ‘বিপন্ন’ (Endangered) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com