মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের ফাইতং বানিয়ার ছড়া এলাকায় অটোবাইক-টমটম চালক ও মালিক সমিতির উদ্যোগে গঠিত মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার (৬ মে) রাত ৮টায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরহুম মো. নান্না মিয়ার পরিবারের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।
সমিতির সভাপতি মো. ফজল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া-মগনামা পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুছা এবং চিরিঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী চালক ও সদস্যদের কল্যাণে মৃত্যু ফান্ড গঠন একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুঃসময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জলিল কোম্পানি বলেন, একটি সংগঠনের প্রকৃত পরিচয় হলো সদস্যদের বিপদের সময়ে পাশে দাঁড়ানো। তিনি এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি মো. মুছা বলেন, শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সংগঠনের বিকল্প নেই। মৃত্যু ফান্ডের মতো উদ্যোগ শ্রমিকদের মধ্যে ঐক্য ও বিশ্বাস বৃদ্ধি করে।
এসআই মো. রবিউল ইসলাম বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবিক কর্মকাণ্ডে সংগঠনগুলোর সম্পৃক্ততা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
এ সময় আরও বক্তব্য দেন সমিতির সহসভাপতি মো. বেলাল, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. বাদশা মিয়া, সদস্য মোহাম্মদ হোসেন ও ফরহাদ আহমদ সজল। তারা সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মরহুম মো. নান্না মিয়ার স্ত্রী মোছাম্মৎ পারুল বেগমের হাতে সমিতির পক্ষ থেকে নগদ অর্থ অনুদান হিসেবে তুলে দেওয়া হয়। এ সময় তিনি সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com