প্রিন্ট এর তারিখঃ মে ২৮, ২০২৬, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৪:০৪ পি.এম
পরিবেশ রক্ষায় আলীকদমে সেনাজোন ও প্রশাসনের যৌথ অভিযান ৭লাখ ৫০টাকা জরিমানা

আলীকদম প্রতিনিধি
বান্দরবান জেলার আলীকদম থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা জোরদারে আলীকদম সেনা জোন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বেআইনিভাবে মাটি কাটার অপরাধে মোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১ ঘটিকায় ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীম এর নেতৃত্বে একটি সি টাইপ বিশেষ টহল দল আলীকদম সেনা জোনের আওতাধীন ১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড, দক্ষিন-পূর্ব পালংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি স্ক্যাভেটর এবং ৫টি ডাম্পার ট্রাক জব্দ করে।
পরবর্তীতে আলীকদম থানার টহল পুলিশ সহায়তায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন। বেআইনিভাবে মাটি কাটার অপরাধে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(চ) ধারা অনুযায়ী মাটি কাটা দেখাশোনার লাইনম্যান মোঃ আবু হানিফ (৪৩)-কে আটক করা হয়। তাকে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাথে, মাটি পরিবহনে ব্যবহৃত ৫টি ডাম্পার ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রত্যেকটি স্ক্যাভেটরের মালিককে এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়। সর্বমোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত যন্ত্রপাতি আলীকদম থানার হেফাজতে রাখা হয়েছে, এবং অর্থদণ্ড পরিশোধের পর গাড়ি ও যন্ত্রপাতি অবমুক্ত করা হবে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলের মালিক ছিলেন আলীকদম উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও রুপমুহুরী রিসোর্টের মালিক মোঃ মনছুর আলম, এবং মাটির কাটার কার্যক্রমের দায়িত্বে ছিলেন আলীকদম ইউনিয়ন যুবদলের নেতা মোঃ ইলিয়াছ শিকদার। স্থানীয়রা সেনাবাহিনী ও প্রশাসনের সময়োপযোগী ও দৃঢ় উদ্যোগকে উষ্ণভাবে স্বাগত জানান।
স্থানীয়রা জানান, বাজারে দীর্ঘদিন ধরে চলমান বিশৃঙ্খলা, বেআইনি মাটি কাটার কার্যক্রম এবং জনস্বার্থের নিরাপত্তাহীনতার সমস্যার মোকাবিলায় এ ধরনের অভিযান অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকরী। স্থানীয়রা আশা প্রকাশ করেন, জনস্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্ন বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে সেনাবাহিনী ও প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে, যা সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ সাজু মিয়া, চৌধুরী বোডিং, আদালত সড়ক, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি।
মোবাইল: 01737443344, 01557273434, ই-মেইল: newsalokitopahar@gmail.com
www.alokitopahar.com